শিরোনাম


29 March, 2026

বিসিবির কর্মকর্তাদের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি- সংগৃহিত

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ রোববার সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দীনের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

বিএনপির বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পেয়েছে, এ বিষয়ে দ্রুত তদন্ত কমিটি করে এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা জাতির সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন,  বিসিবির অর্থ ও জনবল বিগত সময়ে ভোটের অধিকারহরণ করার জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে এ ধরণের অপকর্মগুলো করেছে। অপকর্মের সঙ্গে বোর্ডের জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে মোশারফ হোসেন তাঁর প্রশ্নে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল হতে অদ্যাবধি মেধাহীন, চিহ্নিত ক্যাডারদের দিয়ে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হয়েছিল। ২০১৮ ও ২০২৪ সালের তথাকথিত ভোট ডাকাতির নির্বাচনে ক্রিকেট বোর্ডের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর একটা অংশ ক্রিকেট বোর্ডের সম্পত্তি ব্যবহার করে যে অনৈতিক কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনা হবে কিনা?’

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ক্রিকেট বোর্ডসহ সব খেলাধুলাকে দলীয়করণ, রাজনীতিকরণসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্থবিরকরণসহ ধ্বংসের মুখে চলে গেছে। ক্রীড়াঙ্গনকে নতুন করে দলীয়করণ ও রাজনীতিকরণমুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কাজ করে চলেছি।

আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু পরিলক্ষিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের কাছে আহ্বান করব, এ বিষয়ে তদন্ত থাকলে, আমাদের যেন অবগত করেন। যাতে জাতির সামনে উত্থাপিত হয়।


আকাশ বার্তা/২০২৬

No comments:

Post a Comment