দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিন বৃষ্টিপ্রবণ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় থাকা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশও এই আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।মঙ্গলবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯৫ মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী কয়েক দিনের আবহাওয়া
১৩ মে (বুধবার)
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। অন্য বিভাগগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
১৪ মে (বৃহস্পতিবার)
বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
১৫–১৬ মে (শুক্র ও শনিবার)
ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই দুই বিভাগে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই বৃষ্টিপ্রবণ পরিস্থিতি পাঁচ দিনের পরও উত্তর-পূর্বাঞ্চলে আংশিকভাবে অব্যাহত থাকতে পারে। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকবে।এ সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
নিউজ২৪নারায়ণগঞ্জ/আকাশ/২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন