শিরোনাম

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ: প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

ছবি-সংগৃহীত
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ঢাকার বাইরেও চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে।বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার নির্ধারিত নতুন দামে ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ঢাকাসহ সারা দেশে কার্যকর থাকবে।

বাণিজ্যমন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কোরবানির পর কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ ও মাদরাসার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারেন।’

সরকারের আশা, সঠিক সংরক্ষণ ব্যবস্থা ও নির্ধারিত মূল্য বাস্তবায়নের মাধ্যমে এ বছর কোরবানির পশুর চামড়ার বাজার স্থিতিশীল থাকবে এবং মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানাগুলো ন্যায্যমূল্য পাবে।


নিউজ২৪নারায়ণগঞ্জ/আকাশ/২০২৬

Post a Comment

নবীনতর পূর্বতন