শিরোনাম

গুলিবর্ষণে নিহত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গুলিবর্ষণে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক বুদ্ধদেব বেরা।

বুধবার রাতের দিকে কলকাতার মধ্যমগ্রাম এলাকার দোহারিয়াতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাতে চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে দোহারিয়ায় পৌঁছালে তার গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়।

গুলিতে গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ ও চালক বুদ্ধদেব বেরা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, ভবানীপুরে নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীর পক্ষে কাজ করা দলের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ রথ। আহত বুদ্ধদেব বেরাও ওই দলের সক্রিয় সদস্য ছিলেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় অর্জন করেছে। শুভেন্দু অধিকারী দুইটি আসন থেকে নির্বাচন করে উভয় ক্ষেত্রেই জয়ী হন। তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জীকে পরাজিত করেন এবং নন্দীগ্রাম আসনে টানা তৃতীয়বারের মতো জয় পান।

বুধবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন। কোন আসনটি তিনি ছাড়বেন, সে বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিধানসভায় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হতে পারে।


নিউজ২৪নারায়ণগঞ্জ/আকাশ/২০২৬

Post a Comment

নবীনতর পূর্বতন